নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ নভেম্বর ২০২৬

মন্দিরে ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ আটক ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৩, ১১ নভেম্বর ২০২৬

মন্দিরে ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাঁধা ও ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম ।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।

 

তিনি বলেন, “মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত যেই জটিলতা রয়েছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলছি। বিষয়টিকে কীভাবে সমাধান করা যায় সেটা দেখছি। অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকেও ভাঙচুর ও মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ দিয়েছেন, ওই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলছে।”

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভেতরে দুর্গামন্দিরে নতুন তালা লাগিয়ে প্রবেশে বাধা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী।

 

তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার মন্দিরের গেইটে আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেয় নীট কনসার্ন গ্রুপের লোকজন। ওই সময় গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। পরে স্থানীয়রা প্রতিবাদ করে পুলিশে খবর দিলে দলবল নিয়ে তারা সেখান থেকে চলে যান।

 

এর আগে গত ৪ অক্টোবর নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। যদিও শেষমুহুর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বলে জানান তরুণ।

 

গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু নেতাদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সভাশেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, মন্দিরের জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রশাসনের লোকজন। একইসঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাসও দেওয়া হয়। একইসঙ্গে নীট কনসার্ন গ্রুপকেও সতর্ক করা হয়।

 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও লক্ষ্মী নারায়ণ কটন মিলসের শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে লক্ষ্মী নারায়ণ কটন মিলস রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘ সময় লোকসান গোনার পর ২০০০ সালে সরকার কারখানাটির মালিকানা ৫১০ জন শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হস্তান্তর করে। পরে ২০১২ সালে নিট কনসার্ন গ্রুপ একজন বিনিয়োগকারী হিসেবে এ কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত হয়।

 

গত অক্টোবরে মন্দির কমিটি থেকে ডিসি-এসপিকে চিঠি দেয়া হয়। চিঠিতে তারা উল্লেখ করেন, “শুরু থেকেই নিট কনসার্ন গ্রুপ জোর করে মন্দির, পুকুর ও মাঠের জায়গা দখলের চেষ্টা করছে। এটি বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক নিবন্ধিত হলেও সনাতনীদের প্রবেশ নিষেধ করে মন্দিরের চারদিকে সীমানা প্রাচীর বানিয়েছে। ২০২৩ সালের ১৭ জুন মন্দিরে ভাঙচুরও চালানো হয়।”

 

এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য আগেও বিভিন্ন সময় প্রশাসনের কাছে লিখিত দিয়েছেন বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী । কিন্তু শুধু ‘আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি’ বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, আগেও একাধিকবার ভাঙচুর, শেয়ারহোল্ডারদের বাড়িঘরে হামলা চালিয়েছে নীট কনসার্ন গ্রুপ। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা করা হয়নি। আমরা বিষয়টি বাংলাদেশ সনাতন পার্টি নামে সংগঠন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়েও অবগত করেছি।

 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হয়নি। কাপড় দিয়ে সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের অভিযোগও আমরা পেয়েছি। এ বিষয়ে নীট কনসার্নের দুইজনকে আমরা থানা হেফাজতে রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়: