নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ট্রেনের বগির সিট ও দুটি লেগুনা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে চাষাঢ়া রেলস্টেশন ও চানমারী এলাকায় পৃথকভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর পৌনে ছয়টার দিকে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া রেলস্টেশনে যাত্রী ওঠানোর জন্য দাঁড়ায়। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়, এতে মূলত বগির সিট পুড়ে যায়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরে রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের নেতাদের সহযোগিতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় ট্রেন ও যাত্রীরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে আগুনে বগির সিট পুড়ে গেছে। স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেওয়া ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন ভোর পাঁচটার দিকে চানমারী এলাকায় একটি মাজারের কাছে পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে
আসা তিন যুবক লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































