নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেওয়া এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি দলীয় পরিচয়ে মিছিল করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালানোর কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. শরিফ হোসেন মমিন, সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য আজাদ হোসেন ওরফে বাবু, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. মিলন হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মিনহাজুর রহমান রায়হান, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন কনক, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন।
এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে এজাহারে উল্লেখ করা বাবুল মিয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা মো. হৃদয়, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস কে সজিব ওরফে ছোটবদি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ল্যাংড়া আবুল ভেন্ডার, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আক্তার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল, ছাত্রলীগের সদস্য মো. নাহিদ, যুবলীগের সদস্য আ. রব মিয়া, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রব মিয়া এবং ছাত্রলীগের সদস্য নাজমুল মিয়া।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এজাহারে নাম থাকা আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।


































