নারায়ণগঞ্জের রূপগঞ্জে পার্কিং করে রাখা ‘মেঘলা ট্রান্সপোর্ট’ কোম্পানির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসের স্টাফ মো. আলম জানান, রাত সাড়ে তিনটার দিকে মেঘলা বাস ডিপোর সামনে বাস দুটি দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে মো. আলম বলেন, "আমি প্রথমে মনে করেছিলাম সড়কে ডাকাতি করতে এসেছে। পরে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে একজন বলে ওঠে—‘গুলি করে দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ হলো কি না বুঝতে পারিনি, আমি উল্টো দিকে দৌড় দিই।"
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
বাস দুটির মালিক শহিদুল আলম বলেন, "এই বাস দুটির ভাড়ার টাকায় আমার অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চলত। রাতে কে বা কারা আগুন দিয়ে আমার সব শেষ করে দিয়ে গেল।"
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


































