নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬

নাসিকের সীমানা সম্প্রসারণে আবারও গণবিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৬, ১৮ নভেম্বর ২০২৬

নাসিকের সীমানা সম্প্রসারণে আবারও গণবিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আয়তন সম্প্রসারণ প্রক্রিয়ায় নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। এতে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের সীমানায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুসারে সদর উপজেলার ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সব মৌজা ও দাগের অন্তর্ভুক্ত সম্পূর্ণ এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সীমানা সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো আপত্তি কিংবা পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানাতে হবে। এ ছাড়া উত্থাপিত আপত্তির বিষয়ে শুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে সীমানা সম্প্রসারণের প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চায়। জেলা প্রশাসনের চূড়ান্ত প্রতিবেদনে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকাশের জন্য পাঠানো গণবিজ্ঞপ্তির প্রস্তাবে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না থাকায় আপত্তি তোলে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগের প্রস্তাবে ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা অন্তর্ভুক্তির কথা ছিল। অন্যদিকে এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরো অংশ এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা গণবিজ্ঞপ্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছিল।

স্থানীয় সরকার বিভাগের পর্যবেক্ষণে বলা হয়, এভাবে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না করায় ২০১৩ সালের সীমানা পরিবর্তন বিধিমালার ৫ নম্বর বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে এবার আগের প্রস্তাব সংশোধন করে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তবে নির্ধারিত সময়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তি ও পরামর্শ গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সীমানা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।