নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবেশে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। আগুনে ‘মামা-ভাগিনা’ পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক ও যাত্রীরা বাস থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সায়েদাবাদ থেকে কুমিল্লার গৌরীপুরের উদ্দেশে ছেড়ে আসা বাসটি কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার জন্য থামে। এ সময় যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের পেছনের অংশে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে আগুন নেভানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে পুরো বাসটিই ভস্মীভূত হয়ে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পাহাড়িকা ব্যানারে চলাচলকারী মামা-ভাগিনা পরিবহনের বাসটি যাত্রী ওঠানোর জন্য কাঁচপুর ব্রিজের পাশে থামানো হয়েছিল। এ সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতেও দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


































