নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬

থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে তদবির, এনসিপি নেতাকে চড়, কনস্টেবল বরখাস্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৩, ১৯ নভেম্বর ২০২৬

থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে তদবির, এনসিপি নেতাকে চড়, কনস্টেবল বরখাস্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ উঠেছে এনসিপির এক নেতার বিরুদ্ধে। এ নিয়ে থানার ভেতরে পুলিশের এক কনস্টেবলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে চড় খেয়েছেন ওই এনসিপি নেতা। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মামুন হোসেনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার কম্পাউন্ডের বাইরের বারান্দায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ভৌমিক সঙ্গীয় ফোর্স নিয়ে কুতুবপুরের রসুলপুর এলাকার হোসেন মার্কেটে অভিযান চালিয়ে তাঁতী লীগ নেতা আল আমিনকে গ্রেপ্তার করেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়িয়ে নিতে গুলজার, এনসিপি নেতা নুরুজ্জামানসহ ১৫ থেকে ২০ জন থানায় যান। তাদের কয়েকজন ওসির কক্ষে গিয়ে আল আমিনের মুক্তির বিষয়ে অনুরোধ করেন। তবে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার প্রমাণ থাকার কথা জানিয়ে তাকে ছাড়তে অপারগতা প্রকাশ করেন ওসি মোহাম্মদ মাহাবুব আলম। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আল আমিনের কয়েকটি ছবিও দেখানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওসির কক্ষ থেকে গুলজার চলে গেলেও নুরুজ্জামানসহ অন্যরা থানার বারান্দায় অবস্থান করেন। তাদের কয়েকজন থানা হাজতে গিয়ে আল আমিনের সঙ্গে দেখাও করেন। পরে আল আমিনসহ অন্য আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতিকালে নুরুজ্জামান মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। পুলিশ সদস্যরা এতে বাধা দিলে কনস্টেবল মামুন হোসেনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন তাকে চড় মারেন। এতে নুরুজ্জামানের সঙ্গে থাকা সহযোগীরা ক্ষুব্ধ হয়ে হৈচৈ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন তিনি। পরে একজনের গায়ে হাত তোলার অভিযোগে কনস্টেবল মামুন হোসেনের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে অনুমতি ছাড়া ভিডিও ধারণের বিষয়েও এনসিপি নেতাদের সতর্ক করেন ওসি।

এ বিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, তাৎক্ষণিক ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় কনস্টেবল মামুন হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এনসিপি নেতাদের থানায় আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তার আল আমিন তাদের এলাকার পরিচিত হতে পারেন। সে কারণেই হয়তো তারা থানায় এসেছিলেন। তবে ভিডিও ধারণকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এদিকে গ্রেপ্তার আল আমিনের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আল আমিন প্রকৃতপক্ষে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে মিশে বিএনপির পরিচয় ধারণের চেষ্টা করেন তিনি। বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর স্থানীয় অনেকেই থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও তিনি জানতে পেরেছেন।

অন্যদিকে, এনসিপি নেতা নুরুজ্জামানের কাছে আল আমিনকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে দাবি করেন, ‘আল আমিন বিএনপি করেন। তিনি বিএনপির কর্মী হিসেবে বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।’

তবে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আল আমিন বিএনপির কোনো কর্মী নন; বরং তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের সক্রিয় নেতা ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা ও নৈরাজ্যে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কুতুবপুরের প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সময়ে তার তোলা ছবিও রয়েছে বলে দাবি করা হয়েছে।

 

আল আমিনকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেওয়ার দাবির সত্যতা জানতে চাইলে পরে বিষয়টি এড়িয়ে যান নুরুজ্জামান। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোনো তদবির করিনি এবং তদবিরের উদ্দেশ্যে থানায়ও যাইনি। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। থানার সামনে দিয়ে যাওয়ার পথে গেটের সামনে এলাকার পরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা হয়। তারা আমাকে বিষয়টি জানান। আল আমিনসহ অন্যদের আদালতে পাঠানোর সময় তার স্বজনরা চিৎকার শুরু করেন। তখন আমি মোবাইল বের করে দৃশ্যগুলো ভিডিও করছিলাম। এর মধ্যেই কনস্টেবল মামুন আমাকে চিনতে না পেরে খারাপ ব্যবহার করেন এবং গায়ে হাত তোলেন। পরে অন্য পুলিশ সদস্য ও উপস্থিত লোকজন তাকে নিবৃত্ত করেন। আমি আল আমিনকে ছাড়ানোর জন্য কোনো তদবির করিনি।’