বন্দরে একই পরিবারের ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম
বন্দরে একই পরিবারের ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ব শত্রুতা ও বসতবাড়ি দখলের জেরে এক পরিবারের তিন বোন ও তাদের ভাইকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। হামলায় চার মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে জখম করা ছাড়াও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বন্দর থানাধীন লাঙ্গলবন্দ চিরাইপাড়া এলাকায় এই বর্বর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন (২২) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— লাঙ্গলবন্দ চিরাইপাড়া এলাকার মোঃ শাওন (২৮), মোসাঃ রোমা আক্তার (৪০), মোঃ রোহান (২২) ও মোঃ রাকিবুল (১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সঙ্গে আফজাল হোসেনের পরিবারের মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতা চলে আসছিল। পূর্বেও মারধর করে বিবাদীরা আফজালদের বসতবাড়ি দখল করে রেখেছিল। বুধবার বিকেল অনুমান ৩টার দিকে আফজাল হোসেনের তিন বোন বিউটি, মোসাঃ সিমু ও চার মাসের অন্তঃসত্ত্বা শিলা আক্তার নিজেদের ওই বসতবাড়ি দেখতে যান। এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
ভুক্তভোগীরা গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত রোমা আক্তারের নির্দেশে শাওন ও রোহান গ্যাসের শক্ত পাইপ দিয়ে সিমুর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলে। একপর্যায়ে অভিযুক্ত শাওন চার মাসের অন্তঃসত্ত্বা শিলা আক্তারের তলপেটে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এছাড়া শাওন ও রাকিবুল মিলে বড় বোন বিউটিকে পাইপ দিয়ে পিটিয়ে নীলাফুলা জখম করে এবং তার গলায় থাকা চেইন ও কানের দুলসহ প্রায় ৯ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এদিকে বোনদের চিৎকার শুনে তাদের বাঁচাতে ভাই মোঃ আফজাল হোসেন এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও লাঠি ও গ্যাসের পাইপ দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে শাওন হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে আফজালের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও নানা ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন জানান, "বিবাদীরা আমাদের বাড়ি জোরপূর্বক দখল করে রেখেছে। বোনেরা বাড়ি দেখতে গেলে তাদের ওপর নির্মম হামলা চালায়। এমনকি আমার অন্তঃসত্ত্বা বোনের পেটেও লাথি মারা হয়েছে। আমি বাঁচাতে গেলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ”
০৭:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার