নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরের ওসি একজন প্রার্থীর জন্য বিশেষ তৎপরতা শুরু করেছে: তারিকুল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:০০:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরের ওসি একজন প্রার্থীর জন্য বিশেষ তৎপরতা শুরু করেছে: তারিকুল

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন অভিযোগ করে বলেছেন, বন্দর থানার ওসি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিশেষ তৎপরতা শুরু করেছেন, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বন্দর এলাকায় গণসংযোগ ও পথসভাকালে তিনি বলেন, “নির্বাচনের সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সব প্রার্থী ও ভোটারের জন্য সমান নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা। কিন্তু আমরা লক্ষ্য করছি, বন্দর থানার ওসি একটি বিশেষ প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা তৈরি হচ্ছে।”

 

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, “একজন ওসি যদি জনগণের নিরাপত্তার বদলে কোনো প্রার্থীর নির্বাচনী স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের এমন আচরণ সংবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপন্থী।”

 

তিনি নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা অবিলম্বে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বন্দরসহ নারায়ণগঞ্জ-৫ আসনে যেন কোনো প্রার্থী প্রশাসনিক প্রভাব খাটিয়ে সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

 

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বন্দরবাসীসহ সকল ভোটারকে ভয়ভীতি উপেক্ষা করে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো চাপ বা প্রভাব নয়—ভোট হবে মানুষের ইচ্ছায়, মানুষের পক্ষে।”

সম্পর্কিত বিষয়: