নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানার পাগলা ধোপাতিতা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী সদর থানার পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. আ. রহমান (২৬) এবং একই থানার ছোট আউনিয়াপুর এলাকার আ. জলিলের ছেলে মো. মুনসুর (২০)। তারা দুজনই ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা ধোপাতিতা এলাকায় মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বির আস্তানায় অভিযান চালায় ডিবি ‘ক’ জোনের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা মিঠুন ও রাব্বি পালিয়ে গেলেও তাদের দুই সহযোগী আ. রহমান ও মুনসুরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


































