নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে ডিএনডি লেকের পাড়ে অবৈধ রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মক্কিনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় লেকের পাড়ের গ্রিল কেটে টিন ও কাঠ দিয়ে এ স্থাপনা নির্মাণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিএনডি লেকের পাড়ের গ্রিল কেটে সরকারি জায়গায় রেস্টুরেন্টের আদলে একটি স্থাপনা গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন চিহ্নিত চুনা ব্যবসায়ী হযরতের মেয়ের জামাই। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ হযরতের চুনা কারখানায় অভিযান চালিয়ে গ্যাস মিটারে টেম্পারিংয়ের দায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের লাগানো গাছপালা ধ্বংস করে সরকারি জায়গায় দোকানটি নির্মাণ করেছেন শাওন। শুধু তাই নয়, স্থাপনাটি ঘিরে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা এবং আড্ডা বেড়েছে। এতে ইভটিজিংসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এ বিষয়ে শাওনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডিএনডি লেকের পাড়ে আরও অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলো ভাঙলে তার স্থাপনাও ভেঙে দেওয়া যাবে।
এদিকে স্থানীয়দের তথ্যমতে, সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনাটি ভাড়া দিয়ে শাওন ৫০ হাজার টাকা অগ্রিম নিয়েছেন। পাশাপাশি প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া আদায় করছেন।
সরকারি জায়গা দখল, গাছপালা ধ্বংস ও লেকের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনাটি উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোনো দোকানে অবৈধ কার্যক্রম কিংবা মাদকসেবীদের আনাগোনা থাকলে দোকানমালিক ও সংশ্লিষ্ট মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, সরকারি জায়গা উদ্ধারে এবং অবৈধ স্থাপনাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


































