নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ নভেম্বর ২০২৬

এআইয়ের সহায়তায় চট্টগ্রামে ইয়াবা তৈরি, মেশিন কেনা হয় নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৮, ২২ নভেম্বর ২০২৬

এআইয়ের সহায়তায় চট্টগ্রামে ইয়াবা তৈরি, মেশিন কেনা হয় নারায়ণগঞ্জ থেকে

ভিডিও দেখে ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন এক যুবক। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় স্থাপন করেন। সেখানে ইয়াবা তৈরি করে বিক্রিও শুরু করেন তিনি। এ ঘটনায় মোহাম্মদ তৌহিদুল আলম নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন, বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ইয়াবা তৈরির মেশিনটি নারায়ণগঞ্জ থেকে কেনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁকে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল ও ইয়াবার আকার নির্ধারণের যন্ত্র উদ্ধার করা হয়।

 

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুল জানিয়েছেন, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

 

ফয়সাল আহমেদ আরও বলেন, তৌহিদুল বেশি দিন ধরে মেশিনে ইয়াবা তৈরি করছিলেন না। তিনি ৫ থেকে ১০টি করে ইয়াবা বিক্রি করছিলেন। মিয়ানমার থেকে দেশে আসার পর ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছাতে নানা বাধা ও তল্লাশির মুখে পড়তে হয়। এসব ঝামেলা এড়াতে বাসায় মেশিন বসিয়ে ইয়াবা তৈরি শুরু করেন তৌহিদুল। তবে উদ্ধার করা ইয়াবাগুলো আসল না নকল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

তৌহিদুলের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি নারায়ণগঞ্জে ইয়াবা তৈরির মেশিনটি যাঁরা বিক্রি করেছেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

সম্পর্কিত বিষয়: