নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাস ও বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৩৪, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাস ও বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু

 নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে আবাসিক ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ও অগ্নিকান্ড এবং ইসদাইর এলাকায় ডাইংয়ের বয়লার বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দগ্ধ দুইজন মারা গেছে।
মাসদাইরে দগ্ধ শাহিন আলম (৩০) শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এরআগে ডাইং কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক পাশা শনিবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর সরদারবাড়ি মসজিদ-সংলগ্ন আসলাম মিয়ার মালিকানাধীন চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই ফ্ল্যাটে স্ত্রী ও স্বজনদের নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডে শাহিনের শরীরের ৬৮ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ঘটনায় শাহিনের স্ত্রী লিমা আক্তার (২৬), ছোট ভাই সাহেদ আলী (২৫) এবং আত্মীয় মো. হোসেন (২৪) দগ্ধ হন। তাঁদের মধ্যে লিমার শরীরের ৪৫ শতাংশ, হোসেনের ১২ শতাংশ এবং সাহেদের ৩ শতাংশ পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে থাকতে পারে। সকালে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছিলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ওদিকে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্রমিক পাশা। এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে জাতীয় বান্ড এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তার ইনহেলেশন ইনজুরি ছিল। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দগ্ধ  রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। তারও ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাকেও সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।

এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাত আনুমানিক সোয়া ২টায় ফতুল্লার ইসদাইর এলাকায় রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এসময় রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিক দগ্ধের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর।