নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তাপে পিলারের কংক্রিটের ঢালাইয়ের কিছু অংশ খসে পড়েছে। বেরিয়ে এসেছে ভেতরের রড। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ওই পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশনসংলগ্ন প্যারাডাইস সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া তিনটার দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারখানা ও মার্কেটের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলারের কংক্রিটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে আসে। আগুনের তাপে পিলারের ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে। বিষয়টি জানার পর রেল চলাচলের নিরাপত্তা বিবেচনায় ওই অংশে ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়।
গত শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীন ক্ষতিগ্রস্ত পিলারটি পরিদর্শন করেন। এ সময় পিলারের ক্ষয়ক্ষতি ও রেল চলাচলের নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
এদিকে পিলার ক্ষতিগ্রস্ত হলেও ওই পথে ট্রেন চলাচল বন্ধ করা হয়নি। নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা বহাল রয়েছে।


































