নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের পূর্বলামাপাড়ায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আমান উল্লাহ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।
বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সজিব।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা বাড়তি আনন্দ যোগ করে। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে হাজী আমান উল্লাহ মডেল স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


































