সন্তানের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। একজন অভিভাবক যখন তাঁর সন্তানকে একটি বিদ্যালয়ে ভর্তি করান, তখন তিনি শুধু একটি শ্রেণিকক্ষে বসার সুযোগ কিনে দেন না বরং সন্তানের ভবিষ্যৎ, মানসিক বিকাশ, মূল্যবোধ, আচরণ, স্বপ্ন ও সম্ভাবনাকে একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেন। তাই একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় শুধু পরীক্ষার ফলাফলে নয়—তার পরিবেশ, শিক্ষক, শৃঙ্খলা, শিক্ষাদর্শন, সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, মানবিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের প্রতি যত্নের মধ্যেও নিহিত। এই দৃষ্টিকোণ থেকে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ একটি সম্ভাবনাময় ও ব্যতিক্রমী শিক্ষাঙ্গন। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা, সৃজনশীলতা ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠানটি তার নিজস্ব একটি শিক্ষাবান্ধব সংস্কৃতি গড়ে তুলেছে। এখানে লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয় বরং শিক্ষার্থীদের জ্ঞানী, দক্ষ, সৃজনশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।
একটি প্রতিষ্ঠানের গল্প মানে একটি স্বপ্নের গল্প, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে থাকে একটি স্বপ্ন, কিছু মানুষের শ্রম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়। সময়ের ধারাবাহিকতায় মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজও শিক্ষা ও শৃঙ্খলাভিত্তিক একটি নিজস্ব ঐতিহ্য নির্মাণ করে চলেছে। প্রতিষ্ঠানটির শিক্ষা-পরিবেশে যেমন রয়েছে নিয়ম ও শৃঙ্খলার দৃঢ়তা, তেমনি রয়েছে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পর্যাপ্ত সুযোগ।একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য শুধু পুরোনো ভবন বা প্রতিষ্ঠাকাল দিয়ে তৈরি হয় না, তার প্রকৃত ঐতিহ্য গড়ে ওঠে শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের আস্থা এবং সমাজে প্রতিষ্ঠানের ইতিবাচক অবদানের মধ্য দিয়ে। সুন্দর পরিবেশে সুন্দর মননের বিকাশ শিক্ষার জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর বিদ্যালয় যেন তার কাছে শুধু ক্লাস করার জায়গা না হয়ে ওঠে বরং হয়ে ওঠে আনন্দ, অনুসন্ধান, বন্ধুত্ব, সৃজনশীলতা ও স্বপ্ন দেখার জায়গা।
প্রতিষ্ঠানটির প্রশস্ত মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মুক্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ এখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখে। শিশুকে শুধু বইয়ের পাতায় আটকে রেখে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা যায় না।একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলা মানে ভয় নয়, শৃঙ্খলা মানে সময়ের মূল্য বোঝা, নিয়ম মেনে চলা, অন্যকে সম্মান করা এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া।এখানে সময়মতো বিদ্যালয়ে আসা, শ্রেণিকক্ষে মনোযোগী থাকা, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলার অভ্যাস শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ করার চেষ্টা করা হয়। কারণ, পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়া একজন শিক্ষার্থীর সাফল্যের একটি দিক মাত্র। প্রকৃত সাফল্য তখনই আসে, যখন সে সময়নিষ্ঠ, দায়িত্বশীল, ভদ্র, সহনশীল ও মানবিক মানুষ হয়ে ওঠে। ফলাফল সাফল্যের স্বীকৃতি, শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়।
শতভাগ পাসের ধারাবাহিকতা, মেধাবৃত্তি অর্জন এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ন একাডেমিক দিক। ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীর চিন্তাশক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। শ্রেণিকক্ষের বাইরে যে শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে যেমন- বিজ্ঞান মেলা, বিতর্ক, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা এখানে নিয়মিত আয়োজন করা হয়। এর ফলে শিক্ষার্থীরা শুধু বই পড়ে না তারা কথা বলতে শেখে, যুক্তি দিতে শেখে, দলগতভাবে কাজ করতে শেখে, প্রতিযোগিতায় অংশ নিতে শেখে এবং পরাজয়কে মেনে নিয়ে আবার চেষ্টা করতে শেখে। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনকে জাগ্রত করে। বিতর্ক তাদের যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। আবৃত্তি ভাষা ও উপস্থাপন দক্ষতা উন্নত করে। খেলাধুলা শেখায় শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত চেতনা। এর ফলে শিক্ষার্থীরা উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় এবং প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনে।
ভবন, মাঠ, প্রযুক্তি কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা একটি প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত প্রাণ হলেন শিক্ষক। এখানে রয়েছে এক ঝাঁক তরুণ, মেধাবী, উদ্যমী ও অভিজ্ঞ শিক্ষক। তরুণ শিক্ষকদের উদ্যম ও আধুনিক চিন্তার সঙ্গে অভিজ্ঞ শিক্ষকদের দীর্ঘদিনের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হয়। একজন ভালো শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না। তিনি শিক্ষার্থীর সম্ভাবনা আবিষ্কার করেন, ভুল থেকে শেখার সুযোগ দেন, প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেন। ডিজিটাল প্রযুক্তি এখন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তবে প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয় বরং দক্ষ শিক্ষকের হাতে প্রযুক্তি হয়ে উঠতে পারে শক্তিশালী শিক্ষাসহায়ক। ছবি, ভিডিও, অ্যানিমেশন, উপস্থাপনা ও বিভিন্ন ডিজিটাল উপকরণের মাধ্যমে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা গেলে শিক্ষার্থীর শেখার আগ্রহ বাড়ে এবং বিষয়বস্তুর সঙ্গে তার সংযোগ আরও গভীর হয়।
একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা পরস্পর সম্পূরক। তাই অভিভাবকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া একটি ইতিবাচক শিক্ষাদর্শনের পরিচায়ক।তাই এখানে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও তাদের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে নগর ও শহরতলির জীবনে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতও অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ। এই বাস্তবতা বিবেচনায় প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন বাস শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি বাড়তি সুবিধা। একইভাবে প্রতিষ্ঠানের ক্যান্টিনও শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা-পরিবেশকে পূর্ণাঙ্গ করতে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি এসব সহায়ক সুবিধাগুলো এখানে রয়েছে।
আজকের শিক্ষার্থীই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা, প্রশাসক, বিজ্ঞানী ও দেশনির্মাতা। তাই তাদের হাতে শুধু একটি ভালো ফলাফলের সনদ তুলে দিলেই দায়িত্ব শেষ হয় না, তাদের এমন শিক্ষা দিতে হবে, যা জীবনের প্রতিটি বাঁকে কাজে লাগবে। মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ জ্ঞানভিত্তিক, শৃঙ্খলাবোধসম্পন্ন, প্রযুক্তিসচেতন, সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার মতো বৃহত্তর লক্ষ্যে এগিয়ে যেতে চায়।একটি সুন্দর বিদ্যালয় শুধু একটি ভবন নয় এটি এমন একটি জায়গা, যেখানে একটি শিশু নিজেকে আবিষ্কার করতে শেখে,প্রশ্ন করতে শেখে,স্বপ্ন দেখতে শেখে, ব্যর্থতার পর আবার দাঁড়াতে শেখে এবং একদিন নিজের আলোয় অন্যকেও আলোকিত করার যোগ্যতা অর্জন করে। শিক্ষা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়, শিক্ষা এখানে জীবন গড়ার প্রস্তুতি। অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের স্বপ্ন—এই তিনের সম্মিলিত শক্তিতেই গড়ে উঠবে আগামী দিনের আরও সমৃদ্ধ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। কারণ আমাদের বিশ্বাস—ভালো ফলাফল একজন শিক্ষার্থীর সাফল্যকে প্রকাশ করে, কিন্তু ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার চূড়ান্ত সার্থকতা।


































