নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন তাবলীগ জামাতের সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও মুসলিম জনতা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাবলীগ জামাতের সাদপন্থীদের নেতা মাওলানা সাদের বিভিন্ন বয়ান ও বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মীয় অঙ্গনে বিতর্ক রয়েছে। তাঁদের অভিযোগ, মাওলানা সাদ বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং নবী-রাসূল ও সাহাবায়ে কেরামের শান, মর্যাদা ও সম্মানবিরোধী বক্তব্য প্রদান করেছেন। বক্তাদের মতে, এসব বক্তব্য ইসলামের মৌলিক আকিদা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।
এ কারণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়া এবং ইজতেমা বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। একই সঙ্গে এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিম্মাদার মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি নুরুল হক ডহরি, মাওলানা সাদিকুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম ও মুসল্লিরা।
সাংবাদিক সম্মেলনে বক্তারা আরও জানান, সাদপন্থীরা ইতোমধ্যে ইজতেমা মাঠে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদনপত্রও জমা দিয়েছেন। এ অবস্থায় ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় সর্বশেষ ২০২২ সালে সাদপন্থীদের উদ্যোগে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় জেলা ইজতেমা আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সাংবাদিক সম্মেলন থেকে বক্তারা তাঁদের দাবির বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


































