নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ নভেম্বর ২০২৬

মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এস এম আসলাম, মাদ্রিদ (স্পেন) থেকে:

প্রকাশিত:১১:৫৪, ১৩ নভেম্বর ২০২৬

মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ১০ নভেম্বর (মঙ্গলবার) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির পারিবারিক কারণে উপস্থিত থাকতে না পারায় ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সদস্যসচিব মাহবুবুর রহমান ঝন্টু।

এ সময় স্পেন বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মোতালেব বাবুল, ইউনুস আলী, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, শুক্কুর আলী, এস এম আসলাম, দীন মোহাম্মদ ও আজিজুল বেপারী। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ও স্পেন বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক তালাত মাহমুদ উজ্জ্বল, যুবদল নেতা শাহ আলম এবং মেহেদী হাসান রুদ্র বক্তব্য দেন।

সভায় জাসাস স্পেন শাখার সভাপতি বিপ্লব খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় মুহূর্তে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তাঁরা।

তাঁরা বলেন, তারুণ্যের প্রতীক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে বক্তারা জানান, স্পেন বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনের কর্মকাণ্ডে তারেক রহমানের পাশে থাকবে।

সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

সম্পর্কিত বিষয়: