নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দ্রুত ও সহজীকরণের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নাগরিক সেবা সহজীকরণ এবং মামলা সংক্রান্ত জটিলতা কমাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রম আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।

তিনি বলেন, সাধারণ মানুষের দারগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আইনগত জটিলতা এড়াতে সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জনগণের মধ্যে আরও ব্যাপক সচেতনতা তৈরির জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: