নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদরে পরিচ্ছন্নতা অভিযান, ওয়াপদা খালে ১০০ বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৩৫, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদরে পরিচ্ছন্নতা অভিযান, ওয়াপদা খালে ১০০ বৃক্ষরোপণ

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাশে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ খালের আশপাশের পরিবেশ উন্নয়ন ও পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। এ ধরনের রোগের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও চারার পরিচর্যার মাধ্যমে সবুজ ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পর্কিত বিষয়: