নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে উঠে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাস থেকে দ্রুত নেমে প্রাণে রক্ষা পান বাসটিতে থাকা ১৬ জন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
বাসের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, মেঘলা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৬৮) বাসটি গাউছিয়া থেকে কলাবাগানের দিকে যাচ্ছিল। পথে বাসটিতে থাকা দুই যুবক যাত্রীবেশে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের অন্য যাত্রীরা দ্রুত নেমে যান। এ সময় ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বাসের পেছনের দিকে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। এতে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সবাই দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

































