নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জাপানি বিনিয়োগ বাড়াচ্ছে মারুহিসা, নতুন কারখানায় ৩০ লাখ পোশাক উৎপাদনের লক্ষ্য

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জাপানি বিনিয়োগ বাড়াচ্ছে মারুহিসা, নতুন কারখানায় ৩০ লাখ পোশাক উৎপাদনের লক্ষ্য

জাপানের ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুহিসা গ্রুপ বাংলাদেশে তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) পর ফতুল্লায় প্রতিষ্ঠা করেছে দ্বিতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড। নতুন এই কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ লাখ পিস পোশাক উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

১৯০০ সালে জাপানে ঐতিহ্যবাহী ‘তাবি সকস’ (Tabi Socks) প্রস্তুতকারক হিসেবে মারুহিসা গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৫৯ সালে প্রতিষ্ঠানটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক ব্যবসায়িক সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক পোশাক শিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে মারুহিসা গ্রুপের কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটি বাংলাদেশে গ্রুপটির প্রথম উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৩০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে নিটিং, ডাইং, প্রিন্টিং, কাটিং, সুইং, ফিনিশিং, গুণগত মান পরীক্ষা ও রপ্তানিসহ পোশাক উৎপাদনের প্রায় সব ধাপ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির কারখানায় প্রতি মাসে প্রায় ৮ লাখ পিস টি-শার্ট উৎপাদনের সক্ষমতা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও উন্নত উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করছে প্রতিষ্ঠানটি। 

 

উল্লেখযোগ্য বিষয় হলো, মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেডে উৎপাদিত শতভাগ পণ্য জাপানের বাজারে রপ্তানি করা হয়। এতে বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর পাশাপাশি জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

 

এদিকে, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিষ্ঠা করা হয় মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড। এটি বাংলাদেশে মারুহিসা গ্রুপের দ্বিতীয় কারখানা।

 

পরিকল্পনা অনুযায়ী, নতুন এই কারখানায় সর্বোচ্চ ৪০০টি সেলাই মেশিন ও ১৩টি উৎপাদন লাইন স্থাপন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ লাখ পিস পোশাক উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কারখানায় উৎপাদন শুরু হলে নারায়ণগঞ্জে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের তৈরি পোশাক খাতে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় আরও অবদান রাখতে চায় মারুহিসা গ্রুপ। জাপানের দীর্ঘদিনের শিল্প অভিজ্ঞতা ও বাংলাদেশের দক্ষ জনশক্তির সমন্বয়ে ভবিষ্যতে এ দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত বিষয়: