নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:০৯, ২৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি। 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আশরাফ হাওলাদার এবং মায়ের নাম তানিয়া বেগম।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় (মামলা নম্বর ১১) আসাদুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

 

এসআরবি জানায়, গ্রেপ্তার এড়াতে আসাদুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।