নারায়ণগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীদের আগুন নেভানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আল আমিন।
নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা প্রয়োজন।
এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয়সংখ্যক অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের কথা বলা হয়েছে। পাশাপাশি এসব যন্ত্রের সঠিক ব্যবহারবিধি এবং জরুরি মুহূর্তে আগুন নেভানোর কৌশল সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিজ নিজ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিষয়টি তদারকির অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনার অনুলিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ও সহকারী পরিচালকের কাছেও পাঠানো হয়েছে। তাদের অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনে কারিগরি পরামর্শ এবং অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনে সার্বিক সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

































