নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬

অনলাইন ট্রেডিংয়ের ফাঁদে ১১ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে চক্রের সদস্য

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১১, ২৪ নভেম্বর ২০২৬

অনলাইন ট্রেডিংয়ের ফাঁদে ১১ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে চক্রের সদস্য

অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল্লাহ সরকারকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ সরকার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কুসুমপুর এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুর রহিম এবং মা মালেকা বেগম।

পিবিআই সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি প্রতারণার মামলার তদন্ত করতে গিয়ে অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের এ চক্রের সন্ধান পাওয়া যায়। মামলার বাদী মো. নুর কামাল আজাদ (৪৮) অভিযোগ করেন, ২০২৬ সালের ১ মে সকাল সাড়ে ১১টার দিকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে রিয়াজ খান নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করে নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। পরে তিনি অনলাইনভিত্তিক বিনিয়োগের প্রস্তাব দেন।

প্রতারক চক্রের সদস্যরা তাকে একটি অনলাইন ট্রেডিং ওয়েবসাইটের লিংক (https://geminigoo.replit.app) পাঠিয়ে সেখানে অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করেন। বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে—এমন প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগ করানো হয়। পরে আরও টাকা বিনিয়োগের জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়।

অভিযোগ অনুযায়ী, বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ১০ মে থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত সর্বমোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করে চক্রটি।

মামলাটি পিবিআইয়ের সিআইডি-সংশ্লিষ্ট তদন্ত ইউনিটের তত্ত্বাবধানে তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (নিঃ) মফিজুল ইসলাম। তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ নভেম্বর তাকে নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়ে হাজির করা হয়। পরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ সরকার অনলাইন ট্রেডিংয়ের নামে প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো; মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, চক্রটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মতো অ্যাপ ব্যবহার করে সহজ-সরল মানুষকে টার্গেট করত। এরপর অনলাইন ট্রেডিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ ও মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত তারা।

এ ছাড়া Binance ও Pocket Option অ্যাপ এবং দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে চক্রের অন্যান্য সদস্যদের কাছে পাঠানো হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রতারক চক্রের মূল হোতা ও অন্যান্য সক্রিয় সদস্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: