নারায়ণগঞ্জে অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বারবার হামলার মুখে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কখনো ছিনতাইকারীদের হাতে খোয়া যাচ্ছে সরকারি অস্ত্র, কখনো গ্রেপ্তার করা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সহযোগীরা। এসব ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়াও এসআরবি৷ সদস্যরাও মাদক বিক্রেতারাদের আক্রমণের শিকার হয়েছেন। সর্বশেষ ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন এক কনস্টেবল। চলতি বছরে এমন ধারাবাহিক ঘটনায় অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার চিত্র যেমন সামনে এসেছে, তেমনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
চলতি বছরের ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। নিতাইগঞ্জ এলাকায় তিন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরির ভয় দেখিয়ে সরকারি পিস্তল ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
এর ছয় দিন পর, ১৫ মার্চ শহরের উকিলপাড়া এলাকায় রেললাইনের পাশে মারধরের শিকার হন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। এ সময় এক পুলিশ সদস্যের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এপ্রিলের শেষ দিকে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় হামলার শিকার হন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন। ৩০ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গেলে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে পুলিশের ভাষ্য। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় কনস্টেবল ফয়সালের কাছ থেকে সরকারি শটগান ছিনিয়ে নেয় হামলাকারীরা। প্রায় চার ঘণ্টা পর অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
মে মাসে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দুটি ঘটনা ঘটে। ৫ মে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করে পুলিশ।
পরদিন ৬ মে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় একটি বাড়িতে লুটপাটের অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে আটক পাঁচজনকে তাদের সহযোগীরা ছিনিয়ে নেয়।
১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন তিন পুলিশ সদস্য।
এসব ঘটনার ধারাবাহিকতায় সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে ২২ নভেম্বর রাতে। ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার হোসেন মোল্লা ও এএসআই আব্দুস সাত্তার।
সেখানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন আনোয়ার মোল্লা। এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। হামলার সঙ্গে মাদক কারবারিদের সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এর আগে গত ৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খালসংলগ্ন লিচুবাগে মাদক কারবারিদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান র্যাব-১১-এর সদস্যরা বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয় (এসআরবি) সাদা পোশাকে দায়িত্ব পালনকালে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে র্যাবের তিন সদস্য করপোরাল নাজিবুল, কনস্টেবল মাহি ও ইব্রাহিম আহত হন। তাদের মধ্যে নাজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জুলাই কক্সবাজারের খুরুশকুল এলাকা থেকে গিট্টু রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় র্যাব-১১-এর একটি দল। সাদা পোশাকে অভিযানে গিয়ে সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তাদের পাহারায় রেখে অন্য সহযোগীদের ধরতে গেলে ৮ থেকে ১০ জনের একটি দল র্যাব সদস্যদের ওপর ইটপাটকেল ও দোকানের চেয়ার দিয়ে হামলা চালায়। এ সময় সাহেব আলী ও তার সহযোগীকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় র্যাবের তিন সদস্য ও স্থানীয় এক বাসিন্দা আহত হন। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেব আলীর ছয় সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশের কাছ থেকে সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়া, গ্রেপ্তার করা আসামিকে ছিনিয়ে নেওয়া এবং দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর বা এসআরবির প্রাণঘাতী হামলার ঘটনাগুলোকে কেবল বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনা অপরাধী চক্রের দুঃসাহস, স্থানীয় পর্যায়ে তাদের প্রভাব এবং পুলিশের মাঠপর্যায়ের নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে আনছে।
অন্যদিকে অপরাধ দমনে নিয়োজিত সদস্যদেরই যদি হামলার ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পুলিশের জনবল ও অভিযান পরিচালনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হামলাকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


































