নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আলম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকার একটি টিনশেড বাড়িতে ফেনসিডিল বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আলমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) উপধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আলমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


































