নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশদূষণ ও বায়ুদূষণের দায়ে দুটি ইস্পাত কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।
অভিযান চলাকালে হাইটেক স্টিল মিলস এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডের প্রত্যেককে দেড় লাখ টাকা করে সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি অমান্য করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রীমা আক্তার।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জেলায় পরিবেশের ক্ষতিসাধনকারী যেকোনো কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান চালানো হবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।


































