নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

বন্দরে মোতালেব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:১৩, ২৬ নভেম্বর ২০২৬

বন্দরে মোতালেব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং দুজন পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এ মামলায় রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় নবী নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সট: মো. নজরুল ইসলাম মাসুম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ।

এদিকে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। তিনি ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।