কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ও নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর বরখাস্তের আদেশ জারি করে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলায় পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
এরআগে ২০২৫ সালের ৩০ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
এদিকে ২১ সেপ্টেম্বেরর প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত ডিআইজি এবং পরবর্তী সময়ে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে যোগদানের জন্য ই-মেইল ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৪ নভেম্বর থেকেই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
নারায়ণগঞ্জের এসপি ছিলেন জায়েদুল আলম
মোহাম্মদ জায়েদুল আলম ২০১৯ সালের ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান এবং ২৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জ জেলা পুলিশের নেতৃত্ব দেন। ২০২২ সালের আগস্টে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর তিনি নারায়ণগঞ্জের এসপির দায়িত্ব ছেড়ে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে যোগ দেন।
নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে মাদক, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বিভিন্ন সময়ে বক্তব্য দেন। ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্বে ছিলেন তিনি।
এর আগে ২০২৫ সালের আগস্টে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা ১৮ পুলিশ কর্মকর্তার তালিকায় রাখা হয়েছিল। এবার বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের আদেশ দেওয়া হলো।
এরআগে ২০২৫ সালের ৩০ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল : নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত গোলাম মোস্তফা রাসেল গত ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি বিধিমালা অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।


































