নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৩ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যা: সিফাতসহ ৭ জনের ১০ দিন, ৪ নারীর ৩ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪০, ২৩ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যা: সিফাতসহ ৭ জনের ১০ দিন, ৪ নারীর ৩ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ সাতজনের ১০ দিন এবং চার নারী আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশ বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ ১১ আসামিকে আদালতে হাজির করে। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও নিহত বুলবুলের স্বজনরা শেখ সিফাতের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের এজলাসে নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার ১১ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত শেখ সিফাতসহ সাতজনকে ১০ দিন করে এবং চার নারী আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১০ দিনের রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার শেখ শাহিনের ছেলে ও মামলার প্রধান আসামি শেখ সিফাত (৩২), কদমরসুল এলাকার আলী আকবরের ছেলে জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), একই এলাকার সুলাইমানের ছেলে মো. সিয়াম (২৫), বারপাড়ার রবিউল হোসেনের ছেলে মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), শাহী মসজিদ এলাকার সোবাহানের ছেলে রিয়াদ (৩৩), চিতাশাল এলাকার ইমরান আলীর ছেলে ইরফান (২৯) এবং চৌধুরীবাড়ি এলাকার সোহেলের ছেলে সিজান ওরফে জিসান (২৬)।

অন্যদিকে তিন দিনের রিমান্ডপ্রাপ্ত চার নারী হলেন—সালেহনগর এলাকার পারভেজের স্ত্রী মিনারা (৩৫), একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী রুমা (৩৬), মাসুদ মিয়ার স্ত্রী নাসিমা এবং শাহী মসজিদ এলাকার দ্বীন ইসলামের স্ত্রী ইয়াসমিন (৪০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০)। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ২০২৪ সালের ২৩ জুলাই ব্যবসায়ী বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে গত ২০ আগস্ট বন্দর থানায় এ ঘটনায় মামলা করেন বুলবুল। ওই মামলায় শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়েছিল।

বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে হত্যার কারণ, পূর্ববিরোধ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।