নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৪১, ২৭ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমামের নাম আকরাম হোসেন (৫২)। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ধড়িচর গ্রামে। বাবার নাম আব্দুল মতিন। আহত ব্যক্তিদের মধ্যে একই মসজিদের মুয়াজ্জিন আবু হানিফ (৫৪) এবং পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েমের (২২) নাম জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইনবোর্ড দিক থেকে আসা ‘পিরোজপুর ট ১১-০২৪৫’ নম্বরের একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে চলছিল। ট্রাকটি ভূঁইগড় বাজারের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইমাম আকরাম হোসেন মারা যান এবং মুয়াজ্জিনসহ পাঁচজন আহত হন। এ সময় ট্রাকের ধাক্কায় সড়কের পাশে থাকা কাঁচা সবজি বিক্রেতাদের কয়েকটি ভ্যানগাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়: