কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে নারায়ণগঞ্জে দলীয় ঐক্য সুসংহত করার ডাক দিচ্ছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। তবে রাজপথে ঐক্যবদ্ধ থাকার এই ঘোষণার বিপরীতে মাঠের বাস্তবতা ভিন্ন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নিজ বলয় ভারী করতে বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা এবং এলাকার নিয়ন্ত্রণ ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে দলটির বিভিন্ন স্তরের নেতৃত্ব।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রাখতে এই অভ্যন্তরীণ বিভক্তিই এখন দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও তৃণমূলের নেতা-কর্মীদের ভাষ্যমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, শিল্পাঞ্চল ও ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ভেতরে একাধিক উপদল সক্রিয় হয়ে উঠেছে। অনেক এলাকায় স্থানীয় নেতাদের মধ্যে তা প্রকাশ্য বিরোধে রূপ নিচ্ছে।
তৃণমূল পর্যায়ের একাধিক নেতার অভিযোগ, নিজেদের অবস্থান শক্তিশালী করতে দলের একটি অংশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিতর্কিত নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলছে। এ নিয়ে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে ক্ষোভ বাড়ছে। সোনারগাঁ, ফতুল্লা ও রূপগঞ্জ এলাকায় আধিপত্য ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি মহানগর বিএনপিতে শোকজ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতাদের সঙ্গে ‘সুসম্পর্ক’ এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও তার রাজনৈতিক সচিব আবুল কাউছার আশাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। তবে আশা লিখিত জবাবে এসব অভিযোগকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে বিভেদ সৃষ্টির ‘অপপ্রচার’ দাবি করেছেন এবং মামলা-বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি প্রতিপক্ষের রোষানলে পড়েছেন বলে উল্লেখ করেছেন।
ঐক্যের সুরের আড়ালে নির্বাচন ও নিয়ন্ত্রণের লড়াই
জেলার শীর্ষ নেতারা বলছেন, যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ বিএনপি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ। কিন্তু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেই ঐক্যে ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। জেলার পাঁচটি উপজেলার ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর, ফতুল্লা, আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে এই উপজেলাগুলোর প্রতিটি ইউনিয়নে একাধিক নেতা দলীয় সমর্থন পেতে সক্রিয় রয়েছেন। স্থানীয় প্রভাবশালী নেতাদের পছন্দের প্রার্থী নাকি দীর্ঘদিনের ত্যাগী নেতারা প্রাধান্য পাবেন এই সমীকরণ মেলাতে গিয়ে অনেক এলাকায় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা অনেক বেশি প্রকাশ্য রূপ নিয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে দল আরও ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জে বিএনপির প্রধান চ্যালেঞ্জ এখন বাইরের প্রতিপক্ষের চেয়ে নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়া। ত্যাগী নেতাদের মূল্যায়ন নিশ্চিত করা, বিতর্কিতদের সঙ্গে সখ্য এড়িয়ে চলা এবং স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নির্ধারণ করতে না পারলে দলীয় ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে। ফলে নিজ দলের ভেতরে ঐক্যের ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়াই এখন নারায়ণগঞ্জ বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা।


































