নারায়ণগঞ্জের বন্দরে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে মাদক সেবনের সময় আটক করা হয়। অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বের মামলায়।
শনিবার (২৮ নভেম্বর) বন্দর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবার, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

































