আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও তার রাজনৈতিক সচিব।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়। তবে শনিবার বিষয়টি প্রকাশ পায়।
নোটিশে উল্লেখ করা হয়, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা পতিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাদের প্রতিষ্ঠিত করার মাধ্যমে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
নোটিশে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিজের স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করেছেন আশা। পাশাপাশি নিজের মিছিল-মিটিংয়ে তাঁদের গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছেন।
এ ছাড়া বন্দরের মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন ছবির বিষয়ও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রাখার মাধ্যমে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল করেছেন আশা। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

































