নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল ডিসি অফিস-চানমারী সড়কের চিত্র

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:০৩, ৬ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল ডিসি অফিস-চানমারী সড়কের চিত্র

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিসি অফিস থেকে চানমারী পর্যন্ত সড়ক ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সড়কের পাশে ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রশাসনের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই গড়ে তুলবে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।

সম্পর্কিত বিষয়: