নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:০২, ৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী, মাদক ব্যবসায়ী ও সেবীসহ মোট ৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) দিনভর জেলা জুড়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ মোট ৩৩২ পিস ইয়াবাও উদ্ধার করে।

​জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুরো অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ কর্মী, ৮ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ১ জন চোর, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ আসামি, নিয়মিত মামলার ৮ আসামি এবং অন্যান্য আইনে ৭ জনসহ মোট ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি ২৪ জন করে গ্রেপ্তার হয়েছে ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায়। ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ১৮ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

সিদ্ধিরগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য, ৩০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী, ১২ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ৫ জনসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানায় নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য, ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৩ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন ও ১ জন চোরসহ মোট ২০ জন গ্রেপ্তার হয়। 

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২১২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য, ৬ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া রূপগঞ্জ থানায় নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য, ৩ মাদকসেবী ও অন্যান্য আইনে ২ জনসহ ৭ জন; বন্দর থানায় ৬ মাদকসেবী ও অন্যান্য আইনে ১ জনসহ ৭ জন এবং আড়াইহাজার থানায় অন্যান্য আইনে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।