নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের সামনে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে র্দুবৃত্তরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান , হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।
কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


































