এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, "এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি উপহার, কোনো দান বা অনুদান নয়।"
তিনি আরও উল্লেখ করেন, এডিপির অর্থায়নে সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা ও সহায়তা যেন প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। একইসাথে তিনি সরকারি সহায়তার সঠিক ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য বলেন, এই সেলাই মেশিন ও আর্থিক সহায়তা কাজে লাগিয়ে নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন। এতে পরিবারে স্বচ্ছলতা ফেরার পাশাপাশি তারা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস ফয়েজ উদ্দিন, সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সহায়তাপ্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।


































