নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাবেয়া খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সারোয়ার জাহান সাগর নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (১১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এ তথ্য জানান।

 

গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ইসলামপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। নিহত রাবেয়া খাতুন ভোলা সদর উপজেলার চররমেশ এলাকার শামসুদ্দিনের স্ত্রী।

 

পুলিশ জানায়, রাবেয়া খাতুন রূপগঞ্জের নাওড়া এলাকায় চা দোকানি রানার বাড়িতে ভাড়া থাকতেন। পাশের জলসিঁড়ি প্রকল্পের শ্রমিকদের রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

 

মামলার তদন্ত ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে ওসি জানান, গত ৪ অক্টোবর রাতে রান্নার কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে জলসিঁড়ি প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়কের পাশে রাবেয়া খাতুনের ওপর হামলা চালান সাগর। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

পরদিন ৫ অক্টোবর দুপুরে স্থানীয়রা ওই স্থানে রাবেয়া খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ শাহিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ জলসিঁড়ি প্রকল্প এলাকা থেকে সারোয়ার জাহান সাগরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।