নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর নাদিম আকন্দ নামে এক মিল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত হাকিম পলাতক রয়েছেন।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে আড়াইহাজারের দুপ্তারা কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহের জেরে নাদিম ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে তাঁরা আলাদাভাবে বসবাস শুরু করেন। সম্প্রতি খাদিজা হাকিম নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বাতেন মিয়ার বাসায় ভাড়া নেন নাদিমের স্ত্রী। গত বুধবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাদিম।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেন মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঘরের ভেতরে ঢুকে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁরা আলাদাভাবে বসবাস শুরু করেন। নিখোঁজের দুই দিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত হাকিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


































