নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬

বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারে কৃষক দল নেতার  মৃত্যু 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৯, ২২ অক্টোবর ২০২৬

বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারে কৃষক দল নেতার  মৃত্যু 

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জামাল হোসেন (৪২)। 

নিহত জামাল হোসেন আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি নরসিংদীর মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকায় অবস্থিত ‘রনি ডাইং’ কারখানায় কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে রনি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জামাল হোসেন গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর সকাল পৌনে ১০ টায় তাঁর মৃত্যু হয়। 

এদিকে জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল। সে ৬০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তী হয়েছিলো।

 

 

জামাল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও নিজ এলাকার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। 

 

 

এদিকে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।