নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সংখ্যালঘু

সংখ্যালঘু

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দে দুইদিনব্যাপী মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর প্রায় ২টা ৫৯ মিনিটে শেষ হয়। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি উপলক্ষে আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো পুণ্যার্থী অংশ নেন। স্নানোৎসব উপলক্ষে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই দলবদ্ধভাবে পুণ্যস্নানে অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপমোচন হয় এবং পুণ্য লাভ করা যায়। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্নান ঘাটগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি নদীতে নৌ-পুলিশ ও ডুবুরি দল প্রস্তুত ছিল যেকোনো দুর্ঘটনা মোকাবেলায়। পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাট সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার ও নারীদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়। এদিকে স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দ এলাকায় বসে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। দুইদিনব্যাপী এই মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও প্রশাসন।

০৮:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

লাঙ্গলবন্দকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী

লাঙ্গলবন্দকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দকে হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো।  লাঙ্গলবন্দ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা  শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন এবং রাত সমান করে অফিসে যাই।  এমপি এবং মন্ত্রীরা তিন ঘন্টাও ঘুমায় না। টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি।  সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি আরো বলেন, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে—এসবই একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে চাই। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশ। আমাদের রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, আর এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্য খুঁজি। এখানে হিন্দুর যে অধিকার মুসলমান সে অধিকার খ্রিস্টানেরও সে অধিকার। বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিশিষ্ট ব্যবসাযি প্রবীর কুমার সাহা, সাংবাদিক শংকর কুমার দে, শংকর সাহা, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

১২:০২ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার