ফতুল্লায় বাড়ীওয়ালার ছেলের ধর্ষণের শিকার হয়েছে ভাড়াটিয়া এক যুবতী (১৮)।
এঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)'র সহায়তায় অভিযুক্ত ধর্ষক জুবায়ের আহমেদ(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জুবায়ের আহমেদ ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধর্ষণের শিকার ওই যুবতী তার স্বামীকে নিয়ে জুবায়ের আহমেদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। যুবতীর স্বামী একটি পোষাক তৈরি কারখানায় চাকুরি করে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে যুবতীর স্বামী নিজ কর্মস্থলে ছিলো। অপরদিকে জুবায়ের আহমেদ ছাড়া পরিবারটির কোন সদস্য বাসায় ছিলোনা।পুরো বাড়ী ফাঁকা থাকায় বিকেল সাড়ে ৫ টার দিকে জুবায়ের ওই যুবতীকে জোরপূর্বক মুখ চেপে ধরে টেনে হিচড়ে নিজ রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বিষয়টি জানতে পেরে রাত একটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)'র সহায়তায় অভিযুক্ত ধর্ষক জুবায়ের আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


































