নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলোচিত চিহ্নিত চাঁদাবাজ বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি যায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
এদিকে সালাউদ্দিনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ি ও এলাকাবাসীর মাঝে উচ্ছাস দেখা দেয়।
সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া ভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। তবে তাদের দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী।
এদিকে, গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেন ও দোকান ভেঙে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগের পরিপেক্ষিতে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত: ২০২৪ সালের ৫ আগস্টের পর সালাউদ্দিনের আরেক চাঁদাবাজ ভাই কামালকে হাতেনাতে চাঁদাবাজির সময় ছাত্র-জনতা আটক করে গণপিটুনী দিয়ে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন:সিদ্ধিরগঞ্জে বাজার দখল ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


































