নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে তার চুরির সময় হাতেনাতে আটক চোর, অতপর...

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৬, ৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে তার চুরির সময় হাতেনাতে আটক চোর, অতপর...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় বৈদ্যুতিক তার চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে পরে তার আত্মীয়-স্বজন ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চোরের পক্ষ নিয়ে এলাকাবাসীকে মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের ৭ নম্বর সড়কে অবস্থিত হাজী নজরুল ইসলামের বাড়ির সার্ভিস লাইনের বৈদ্যুতিক তার কাটার সময় জনি (৩৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। আটক জনি পার্শ্ববর্তী আটি গ্রামের আয়নাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ছাব্বিত খান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চুরির অভিযোগ ওঠা বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

 

দীর্ঘদিনের চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা

 

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় বৈদ্যুতিক তার, ঘরের অভ্যন্তরীণ ওয়্যারিংয়ের দামি তার এবং এসির কপার পাইপ চুরির ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনায় বাসিন্দারা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

স্থানীয়দের ভাষ্য, বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ জমে ছিল। ফলে জনিকে আটক করার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন।

 

অফিসে আটকের পর ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

 

আটকের পর জনিকে হাউজিংয়ের নিজস্ব কার্যালয়ে রাখা হয়। এ সময় তার আত্মীয়-স্বজন ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেখানে উপস্থিত হন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, ওই ব্যক্তিরা চাপ সৃষ্টি করে জনিকে হাউজিং অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান। বাধা দিতে গেলে তারা এলাকাবাসীকে বিভিন্ন ধরনের মামলা ও হয়রানির ভয় দেখান।

 

এলাকায় ক্ষোভ ও আতঙ্ক

 

ঘটনার পর সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন, হাতেনাতে আটকের পরও কীভাবে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালীদের সহযোগিতায় মুক্ত হয়ে যায়।

 

এ বিষয়ে হাউজিংয়ের বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত বিষয়: