নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৫ জুন ২০২৬

বন্দরের চিহ্নিত ছিনতাইকারী মানিক গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৭, ৫ জুন ২০২৬

বন্দরের চিহ্নিত ছিনতাইকারী মানিক গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ আক্রান্ত ও অস্ত্র লুট মামলার এজাহারভুক্ত আসামি এবং এলাকার চিহ্নিত ছিনতাইকারী মানিক (২৮)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাত প্রায় ১১টায় দক্ষিণ কলাবাগ এলাকার শাহজাহান মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মানিক দক্ষিণ কলাবাগ এলাকার মনির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশনায় এসআই মাসুদ রানার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাবাগ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে কৌশলে মানিককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

 

জানা গেছে, সম্প্রতি চৌধুরী বাড়ি এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার তদন্তে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন পুলিশ সদস্যরা। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করা হয়। গ্রেফতারকৃত মানিক ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মানিক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কলাবাগ, ঝাউতলা ও চৌধুরী বাড়ি এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গভীর রাতে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বাধা দিলে অনেককে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনাও ঘটেছে।

 

মানিকের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।