নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার (৫৮), যুবলীগ নেতা মো. হাসান (২৭), সামসুজ্জামান জামান (৫৬), সোহেল (৩৩) ও আব্দুল বারিক ইসলাম হৃদয় (২০)।
মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি বলেন, মাসদাইরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, শ্রমিক লীগ নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, আব্দুর সাত্তার, মীর সোহেল আলী মীরু, ফরহাদ (৩৫), টিক্কা মোল্লা (৫০), মিলন (৪৫), পলাশ (৪৫), মো. সোহেল (৩০), মো. সৌরভ (৩৫), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আজমত আলী (৪৫), মীর হোসেন মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০), নুর হোসেন (৫০), মো. শিপলু (৫০), আমির (৪০), নেছার সানি ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম চেয়ারম্যান সহ ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জন।
এজাহারে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলীতে আমেনা গার্মেন্টস-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযুক্তরা হামলা চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাঁরা পালিয়ে যান।
পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।


































