নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে তিনজন মাদক কারবারি, দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি, দুজন সামারি ট্রায়ালের অভিযুক্ত, তিনজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, একজন অন্যান্য মামলার আসামি এবং একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মোঃ ওয়াসিম (৩৭), মিঠুন হোসেন (২৭) ও নাজিম (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় জীবন মোল্লা (২৫) ও নিজাম উদ্দিন শাহিন (৩৯), সামারি ট্রায়ালের মামলায় শান্ত (২৬) ও আমিন (২০), ডাকাতির প্রস্তুতি মামলায় শুভ (২৫), ইমন (২৭) ও নাজমুল (২৪), অন্যান্য মামলায় সোহেল হোসেন (২৮) এবং সিআর ওয়ারেন্টভুক্ত ফয়সাল মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































