নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৩, ১৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের মানসনদ ও মোড়কজাত সনদ ছাড়াই অবৈধভাবে মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দু‘টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস এর যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ওয়র্ডের মিজমিজি এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই আঞ্চলিক অফিস এর তথ্যমতে, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে মশার কয়েল প্রস্তুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট দুটি প্রতিষ্ঠানে অর্থদণ্ড প্রদান করে। এর মধ্যে সালেহা ট্রেডিং; বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করেই মশার কয়েল প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ধারায় আরও ৫০ হাজার টাকাসহ মোটএক লক্ষ টাকা জরিমানা করা হয়।

আর জে প্রোডাক্টস ও ইশিকা এন্টারপ্রাইজ প্রস্তুতকারক ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান ‘আর জে প্রোডাক্টস’ এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘ইশিকা এন্টারপ্রাইজ’ কে পণ্য মোড়কজাত সনদ বিহীন মশার কয়েল প্রস্তুত ও বাজারজাত করার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮’ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল-আমীন-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়। 

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই আঞ্চলিক অফিস, নারায়ণগঞ্জের ফিল্ড অফিসার মো: ইয়াছির আরাফাত, পরিদর্শক মো: শাহজাহান এবং পরিদর্শক মো: আরিফ হোসেন আসিফ।

সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল-আমীন আগামীর সময়কে জানালেন, সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং পণ্যের ওজনে ও মানে কারচুপি রোধ করতে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।